প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
ফুটবল বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে বাঁশখালীতে হামলার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের বাঁশখালীতে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) গুরুতর আহত আয়েশা বেগমের (ময়রা) ছেলে মো. রাশেদ মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ মোরশেদ (২৮), মো. ছৈয়দ (২১), মো. রাসেল (২২), মো. রাকিব (১৯), মো. ইসহাক (১৯) ও ওসমান (২২)।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই ভোরে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে এলাকার কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ মোরশেদের সঙ্গে স্থানীয় তরুণ মোহাম্মদ রাকিবের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় এক দোকানদার বিষয়টি মীমাংসা করে দিলেও রাকিবকে দেখে নেওয়ার হুমকি দেন মোরশেদ।
এর কিছুক্ষণ পর সকালে রাকিব একটি বাড়িতে কাজ করতে গেলে মোরশেদ দলবল নিয়ে দা, রড ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। প্রাণ বাঁচাতে রাকিব চিৎকার করলে পাশের বাড়ির আয়েশা বেগম তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা আয়েশা বেগমের মাথায় দায়ের কোপ দেন। পরপর আরও আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতেও কোপ লাগে।
মাকে বাঁচাতে এগিয়ে আসেন আয়েশা বেগমের মেয়ে রাবেয়া বেগম ও প্রতিবেশী মো. আজিম উদ্দিন। তাদের ওপরও চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালানো হয়। এতে তারাও গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা বা সালিশের চেষ্টা করলে পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা।
হামলায় গুরুতর আহত আয়েশা বেগম ও রাবেয়া বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, হামলার নেতৃত্ব দেওয়া মোহাম্মদ মোরশেদ ওই এলাকার জাকের হোসেনের ছেলে। জাকের হোসেন এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। বাবার প্রশ্রয়ে মোরশেদ একটি কিশোর গ্যাং গড়ে তুলেছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে মারধর ও হামলা চালানোর অভিযোগ রয়েছে তার গ্রুপের বিরুদ্ধে
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট